হৈমন্তীর কণ্ঠে নতুন রূপে ফিরল ‘তোমায় দেখলে মনে হয়’

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ রাত
  • ৭৬৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘তোমায় দেখলে মনে হয়’ এবার নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে এসেছে সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিতের কণ্ঠে। ‘তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’—জনপ্রিয় এই হুক লাইনটি ঠিক রেখে গানটির কথা ও সুর নতুনভাবে বিন্যাস করেছেন শফিক তুহিন। গানটিতে হৈমন্তীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তিনিও।

মতিন রহমান পরিচালিত ‘নারীর মন’ চলচ্চিত্রের জন্য গানটির মূল কথা ও সুর করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। নতুন সংস্করণটি সম্প্রতি অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায়। এতে মডেল হয়েছেন ফয়সাল খান ও ইজমা ইসলাম।

জনপ্রিয় চলচ্চিত্রের গানের হুক লাইন ব্যবহার করে নতুন গান তৈরির বর্তমান প্রবণতা প্রসঙ্গে হৈমন্তী রক্ষিত বলেন, সিনেমার জনপ্রিয় গানের লাইন নিয়ে নতুন গান তৈরি এখন বেশ জনপ্রিয়। এর মাধ্যমে সহজেই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা যায়। শফিক তুহিন গানটি চমৎকারভাবে লিখেছেন ও সুর করেছেন বলেও উল্লেখ করেন তিনি। গানটির সঙ্গে তাঁকে যুক্ত করার জন্য শফিক তুহিন ও অনুপম মিউজিকের প্রতি কৃতজ্ঞতা জানান এই শিল্পী।

প্রকাশের পর গানটি নিয়ে শুভাকাঙ্ক্ষী ও সাধারণ শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান হৈমন্তী।

এদিকে সাম্প্রতিক সময়ে নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। এরই মধ্যে তিনি দুটি মৌলিক গান প্রকাশ করেছেন। আহমেদ রিজভীর কথায় এবং ইমরান মাহমুদুলের সুর-সংগীতে ‘ওগো মোর প্রিয়া’ এবং রোহান রাজের সুর-সংগীতে বেলাল খানের সঙ্গে দ্বৈত গান ‘তুমি আমার মুখ দেখারই আয়না’ প্রকাশিত হয়েছে। দুটি গানই শ্রোতাদের প্রশংসা পেয়েছে বলে জানান তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমরান ও বেলাল খানের সঙ্গে গান করার অভিজ্ঞতাকেও নিজের ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেছেন হৈমন্তী।

১৯৯৫ সালে ‘ডাকপিয়ন’ অ্যালবামের মাধ্যমে পেশাদার সংগীতজীবন শুরু করেন হৈমন্তী রক্ষিত। শৈশবে বাণী কুমার চৌধুরীর কাছে সংগীতে হাতেখড়ি নেন তিনি। তাঁর সংগীতজীবনের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে সুরসম্রাজ্ঞী রুনা লায়লার সুর করা মৌলিক গানে কণ্ঠ দেওয়া।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad