দক্ষতা ও ভালো কাজের যথাযথ মূল্যায়নের আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ রাত
  • ১৮১৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা ও দক্ষতা প্রদর্শনের জন্য ৪০ কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান করা হয়। একই সঙ্গে অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি শ্রেষ্ঠ ফায়ার স্টেশনকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টরকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক।

নির্বাচিত কর্মকর্তা-কর্মচারীদের হাতে ‘মহাপরিচালকের প্রশংসা’ লেখা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেওয়া হয়। শ্রেষ্ঠ ২৮টি ফায়ার স্টেশনের প্রতিনিধিদের দেওয়া হয় ক্রেস্ট। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পাঁচটি করে এবং অন্যান্য বিভাগের তিনটি করে স্টেশন রয়েছে।

মহাপরিচালকের নির্দেশনায় প্রতিটি বিভাগে কমিটি গঠন করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন নির্বাচন করা হয়। পাম্প ড্রিল, ডেলিভারি হোজ লে-আউট, ফায়ারফাইটিং স্যুট ও বিএ সেট পরিধান, কুইক ড্রেস, উদ্ধারকারী যন্ত্রপাতি পরিচালনা এবং লেডার ক্লাইম্বিংসহ বিভিন্ন বিষয়ে স্টেশনগুলোর দক্ষতা যাচাই করা হয়।

এ ছাড়া সম্মিলিত ড্রিল, রেজিস্টার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, মহাপরিচালকের নির্দেশনা অকারেন্স রেজিস্টারে অন্তর্ভুক্তি, দৈনন্দিন কার্যক্রম বাস্তবায়ন, জ্বালানি ব্যবস্থাপনা ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণও মূল্যায়নের আওতায় ছিল। পাশাপাশি গণসংযোগ, টপোগ্রাফি, শৃঙ্খলা, বদলি ও সংযুক্তির আদেশ যথাসময়ে বাস্তবায়ন, স্টেশন ও ব্যারাকের পরিচ্ছন্নতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের দক্ষতাও বিবেচনায় নেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। মহাপরিচালকের প্রশংসাপ্রাপ্ত তিন কর্মকর্তা এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত একজন কর্মকর্তা অনুষ্ঠানে তাঁদের প্রতিক্রিয়া জানান।

রাজশাহী জেলার উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার চালুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালেদা ইয়াসমিন পদোন্নতিতে সন্তোষ প্রকাশ করে মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি সম্প্রতি মারা যাওয়া ফায়ার সার্ভিসের এক ড্রাইভার ও এক ইন্সপেক্টরকে স্মরণ করেন। পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রমের প্রশংসা করেন। সেবার মান আরও উন্নত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হন। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠান শেষ হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad