পুলিশকে ধাক্কা দিয়ে কোর্ট হাজত থেকে লাফিয়ে পালাল হাজতি

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ বিকাল
  • ১৭৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট হাজত থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে লাফিয়ে পালিয়েছেন চুরি মামলার হাজতি আব্দুল মমিন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানায় এ ঘটনা ঘটে।

পলাতক আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, চুরি মামলার আসামি আব্দুল মমিনকে জেলা কারাগার থেকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরার জন্য আনা হয়। হাজিরা শেষে তাকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানায় নেওয়া হয়। সেখানে তাকে হাতকড়া পরানোর সময় এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বেরিয়ে যান তিনি।

পরে হাজতখানার পাশের বারান্দায় কোনো গ্রিল না থাকায় সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে দ্রুত পালিয়ে যান মমিন।

ঘটনার পর কোর্ট পুলিশ তাৎক্ষণিকভাবে দিয়ার ধানগড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোর সন্দেহে নুরনবী নামে এক যুবককে আটক করে পুলিশ। তিনি দিয়ার ধানগড়া মহল্লার আব্দুর রহিমের ছেলে। পরে যাচাই-বাছাই করে পলাতক আসামির সঙ্গে মিল না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে আসামি পালানোর ঘটনায় সাংবাদিকদের তথ্য দিতে কোর্ট পুলিশের সদস্যদের মধ্যে অনীহা দেখা যায়। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আদালত চত্বরে অবস্থান করেও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিকেল সাড়ে ৪টার দিকে সদর কোর্টের জিআরও এএসআই জুয়েল হোসেন আসামি পালানোর বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না; পরে বিষয়টি শুনেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান বলেন, “সবাই আসামিকে খুঁজতে গেছে। এ বিষয়ে কোর্ট পরিদর্শকের সঙ্গে কথা বলুন।”

পরে কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হাজতখানায় আরেকজন আসামিকে ঢোকানোর সময় আব্দুল মমিন এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বেরিয়ে যান। এরপর বারান্দায় কোনো গ্রিল না থাকার সুযোগে লাফিয়ে পালিয়ে যান তিনি।

কোর্ট পরিদর্শক বলেন, বিষয়টি মৌখিকভাবে সদর থানাকে জানানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad