এআইকে জাতীয় নিরাপত্তার নতুন ঝুঁকি বলছে চীন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ দুপুর
  • ২৭৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজনৈতিক গুজব, তথ্য সংগ্রহ ও সাইবার হামলায় অপব্যবহারের আশঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চীনের জাতীয় নিরাপত্তার জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তামন্ত্রী চেন ইশিন। তাঁর মতে, বিদেশি ‘শত্রুভাবাপন্ন শক্তিগুলো’ জেনারেটিভ এআই ব্যবহার করে রাজনৈতিক গুজব তৈরি, ক্ষতিকর তথ্য ছড়ানো এবং জনমত ও চিন্তাগত যুদ্ধ চালাচ্ছে।

রোববার অনলাইনে প্রকাশিত এক নিবন্ধে চেন ইশিন এসব কথা বলেন। বেইজিং থেকে এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চেন বলেন, এআইয়ের অপব্যবহার চীনের রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও আদর্শিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে। বিদেশি শক্তিগুলো সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করতেও এই প্রযুক্তি ব্যবহার করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

চীনা নেতা শি জিনপিং চলতি মাসে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকে এআইয়ের শাসনব্যবস্থা ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ওপর কঠোর নজরদারির দাবি জোরালো হওয়ার মধ্যেই চীনের পক্ষ থেকে এই সতর্কবার্তা এলো।

চেন ইশিন বলেন, এআই এখন ‘বিশ্বব্যাপী প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রধান ক্ষেত্র’ এবং বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার নতুন মঞ্চে পরিণত হয়েছে। তিনি এআইয়ের অস্তিত্বগত ঝুঁকির কথা উল্লেখ করেননি এবং প্রযুক্তিগত অগ্রগতি থামানোর আহ্বানও জানাননি।

তবে অ্যানথ্রপিকের ক্লড মিথোস এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটি-৫.৫-সাইবারের উন্নত হ্যাকিং সক্ষমতার কথা উল্লেখ করে চেন বলেন, এ ধরনের প্রযুক্তি চীনের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বুদ্ধিমান ওয়েব ক্রলার, ডেটা মাইনিং ও প্রোফাইলিং বিশ্লেষণের মতো প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ জাতীয় তথ্য, বাণিজ্যিক গোপনীয়তা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের নেতারাও এআইয়ের উন্নয়নের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই শনিবার এআই প্রযুক্তির ‘বেপরোয়া’ গতিতে অগ্রসর হওয়ার বিষয়ে সতর্ক করেন। অতিবুদ্ধিমান কম্পিউটার ব্যবস্থা ঘিরে ঝুঁকি বাড়ার আশঙ্কার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

চেন ইশিন আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সামরিক ক্ষেত্রে এআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা স্পষ্ট করেছে। উন্নত প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিত করতে চীনকে গুরুত্বপূর্ণ মূল প্রযুক্তির ওপর স্বাধীন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে বলে মত দেন চেন। এর মধ্যে এআই মডেল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উন্নত কম্পিউটার চিপও রয়েছে।

তথ্যসূত্র: এএফপি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad