ছাতকে নবীনবরণ ঘিরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৩

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ বিকাল
  • ২৮৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের তিন নেতা আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ছাত্রশিবিরের নেতাদের অভিযোগ, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার সময় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মাহবুব আহমদের নেতৃত্বে একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছাতক উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নাইমুর রহমান, গোবিন্দগঞ্জ কলেজ শাখার সেক্রেটারি মাহফুজুর রহমান ও সাবেক কলেজ সভাপতি আব্দুল আজিজ আহত হন।

নবীনবরণ ঘিরে উত্তেজনা

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানাতে বুধবার কলেজ শাখা ছাত্রশিবির ফুল দিয়ে নবীনবরণের আয়োজন করে। অনুষ্ঠান চলাকালে জেলা ছাত্রদলের সহসভাপতি মাহবুব আহমদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমন ও রাজনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাত্রশিবিরের দাবি, হামলায় নাইমুর রহমান ও মাহফুজুর রহমানকে মারধর করে রক্তাক্ত করা হয়। সাবেক কলেজ সভাপতি আব্দুল আজিজকে কুপিয়ে আহত করা হয়েছে বলেও সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তবে সংঘর্ষের বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ছাতক উপজেলা ছাত্রদলের সভাপতি মাহবুব আহমদের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি ‘মিটিংয়ে আছি’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পুলিশ বলছে পরিস্থিতি শান্ত

ঘটনার পর কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী বিশৃঙ্খলা এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বর্তমানে কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad