রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মাসুম আলী রাজনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মাসুম আলী তার নিজের ৩০ শতক জমিতে দীর্ঘদিন যাবত কলার চাষ করে আসছিলেন। নিবিড় পরিচর্যায় বাগানের গাছগুলোতে সবেমাত্র থোড় আসতে শুরু করেছিল। আগামী কিছুদিনের মধ্যেই কলা বিক্রি করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি। তবে রোববার রাতে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে বাগানের ফলন্ত গাছগুলো একে একে কেটে ফেলে রেখে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মাসুম আলী ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে জানান, পূর্বশত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে আমার স্বপ্নের বাগানটি কেটে ধ্বংস করা হয়েছে। এতে আমার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল। আমি এই অন্যায়ের বিচার চাই।
এদিকে ঘটনার খবর পেয়ে মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব হোসেন সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতির ভয়াবহতা দেখেছি। একজন কৃষকের ওপর এমন অত্যাচার অত্যন্ত দুঃখজনক। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত কৃষককে সাথে নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, রাতের আঁধারে কলাগাছ কেটে দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে কৃষকের ফলন্ত কলা বাগান কেটে ফেলার এই নৃশংস ঘটনায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স