বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আদালতের অনুমতি নিয়ে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অডিওটির কণ্ঠ শনাক্ত করা হয়েছে। পরীক্ষায় অডিওতে থাকা কণ্ঠটি সাবেক ওসি রাকিবুলের বলে নিশ্চিত হওয়া গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অডিওশেখ হাসিনার দেশে ফেরা এবং সরকার, প্রশাসন ও পুলিশ নিয়ে কথোপকথনের ওই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ১৭ সেপ্টেম্বর তৎকালীন ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুলকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
ছড়িয়ে পড়া অডিওতে রাকিবুলকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসছেন। কিছুই হবে না। রাস্তায় পুলিশের অবস্থা কতটা দুর্বল, তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তার এ মাসেই আসা উচিত ছিল ... তিনি এলে এই পুলিশ কিছুই করতে পারবে না।’
কার সঙ্গে কথা, তদন্তে বের হবেঅডিওটির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, আদালতের অনুমতি নিয়ে সাবেক ওসি রাকিবুলের ভয়েস টেস্ট করা হয়েছে। পরীক্ষায় অডিওর কণ্ঠটি তারই বলে নিশ্চিত হওয়া গেছে।
তবে রাকিবুল কার সঙ্গে ওই কথোপকথন করেছিলেন এবং কী প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছিলেন, তা এখনো তদন্তাধীন বলে জানান তিনি।
ডিবিপ্রধান বলেন, ‘সবকিছুই আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।’
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারঅডিওটি ছড়িয়ে পড়ার পর গত ২৪ সেপ্টেম্বর সাবেক ওসি রাকিবুল এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে পুলিশ। ওই দিনই তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
পরে ২৮ সেপ্টেম্বর আদালত রাকিবুলের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তথ্যসূত্র: ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবির সংবাদ সম্মেলন ও সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

প্রথম দর্পণ,ডেস্ক