মৌসুমি বায়ুর বিদায়, দুই দিন বৃষ্টির পূর্বাভাস; সাগরে লঘুচাপের আভাস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ দুপুর
  • ৭৬৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মৌসুমি বায়ু বিদায়ের প্রাক্কালে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে।

বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। শুক্রবারও দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মৌসুমি বায়ু বিদায়ের সঙ্গে বাতাসের আর্দ্রতা কমে আসায় ভ্যাপসা গরমের অনুভূতিও কিছুটা কমতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের প্রভাবে পরবর্তী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে খুলনা ও সীতাকুণ্ডে। এদিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টিপাত হলেও আকাশ ছিল মেঘলা।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে দুই দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর বাতাসের দিক পরিবর্তিত হয়ে উত্তর-পশ্চিম অথবা উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হতে পারে। এতে তাপমাত্রা খুব বেশি কমবে না, তবে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ভ্যাপসা গরমের অনুভূতি কিছুটা কমতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad