সোমবার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ,

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৬, ০২:১১ দুপুর
  • ২৫১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ফ্যামিলি কার্ডের
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে সোমবার (১২ অক্টোবর)। এ কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে প্রচারণার উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য সংগ্রহের সময় পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরার পাশাপাশি কোনো ধরনের অর্থ লেনদেন না করার বিষয়ে সতর্ক করা হবে।

এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ৮ অক্টোবর এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ

চিঠিতে বলা হয়েছে, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে পরিবার ও সংশ্লিষ্ট এলাকার তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রচারণার জন্য তৈরি বার্তায় জানানো হয়েছে, সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন, তা নির্ধারণে সহায়তা পাওয়া যাবে। এ কারণে তথ্যদাতাদের পরিবারের প্রকৃত অবস্থা তুলে ধরে নির্ভুল তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অর্থ লেনদেন না করার সতর্কতা

ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে তা বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রচারণার বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, তথ্য প্রদানের জন্য কোনো অর্থের প্রয়োজন নেই।

মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণায় সঠিক তথ্য দেওয়ার আহ্বানের পাশাপাশি আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার বিষয়টি তুলে ধরতে বলা হয়েছে।

অন্যদিকে, মন্দির, গির্জা ও বিহারে দুই মিনিটের ঘোষণায় সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তথ্য সংগ্রহের সময় তাঁদের কেউ বাদ না পড়েন।

প্রচারণার বার্তায় কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর কথাও উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট দপ্তরে চিঠির অনুলিপি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং পরিবারভিত্তিক তথ্য সংগ্রহে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে ৮ অক্টোবর পাঠানো চিঠি ও প্রচারণার নির্দেশনা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad