প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ভ্রাম্যমাণ পরীক্ষাগারের ভেতরে গিয়ে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাগারটির কার্যক্রম এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গৃহীত উদ্যোগ সম্পর্কে তাঁকে অবহিত করেন।
কর্মকর্তারা জানান, ভেজালবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে এ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগ্রহ করা হচ্ছে ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার
নিরাপদ খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়াতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে। এসব পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ পরীক্ষাগারগুলোর বাইরের দিকে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।
পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক