বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘নোঙ্গর’ বাসটি নরসিংদী রুটে শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাসটির রং করা ও প্রয়োজনীয় মেরামতের জন্য গত শনিবার (১৭ অক্টোবর) মাতুয়াইলের ওই গ্যারেজে নেওয়া হয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে গ্যারেজে থাকা অন্য একটি বাসে পেট্রল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটিতেও। এ সময় গ্যারেজের কর্মীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক তারেক বিন আতিক জানান, সার্ভিসিংয়ের জন্য আগের দিন বাসটি গ্যারেজে পাঠানো হয়েছিল। দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় এ সময় মেরামতের কাজ শেষ করার পরিকল্পনা ছিল।
তিনি বলেন, বাজারের অন্য একটি বাসে আগুন লাগার পর তা বিশ্ববিদ্যালয়ের বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। বাসটির অগ্নিকাণ্ডজনিত ক্ষতির ব্যয় গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে আশ্বাস দিয়েছে। ছুটির মধ্যেই বাসটির মেরামতকাজ শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক