প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের প্রসঙ্গ টেনে সাদিক কায়েম দাবি করেন, পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত ও ভাগাভাগির সংস্কৃতি ফিরিয়ে আনতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা তৈরি হয়েছে।
জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে প্রশ্নবিবৃতিতে সাদিক কায়েম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে দুটি দলের সমঝোতা নিয়ে গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করেছেন, সেই দল দুটি হলো বিএনপি ও আওয়ামী লীগ। তিনি প্রশ্ন তোলেন, সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার এখন পর্যন্ত কার্যকর কী পদক্ষেপ নিয়েছে।
রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে দেওয়া রায় উপেক্ষিত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে ক্ষোভজুলাই হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডাকসু ভিপি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে অভিযুক্তদের যথাযথ জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। বরং প্রকাশ্য আদালতে তাঁদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বলে তিনি দাবি করেন।
বিদেশে পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও সরকারের দৃশ্যমান তৎপরতা নেই বলে অভিযোগ করেন সাদিক কায়েম।
মাঠপর্যায়ে দলীয় পুনর্বাসনের অভিযোগবিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, মাঠপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে ব্যাপকভাবে পদ দেওয়া হচ্ছে। দেশের বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে বড় বড় মেগাপ্রকল্পের ব্যবসা নিয়ন্ত্রণও আওয়ামী লীগের হাত থেকে বিএনপির কাছে হস্তান্তর করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
রাজধানী ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের প্রকাশ্য উপস্থিতি এবং তাঁদের প্রটোকল দেওয়ার প্রসঙ্গ তুলে সাদিক কায়েম বলেন, এসব ঘটনা দলটির রাজনৈতিক পুনর্বাসনের ইঙ্গিত দেয়।
তবে বিবৃতিতে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে বিস্তারিত নথি বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য উল্লেখ করা হয়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক