ডাকাতিয়া নদীতে সেতু নেই, ২৬০ ফুট বাঁশের সাঁকো বানাচ্ছেন গ্রামবাসী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ দুপুর
  • ৪৩২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলের নাওড়ী ও নাঙ্গলকোটের হুগলি এলাকার মধ্যে যোগাযোগের প্রধান বাধা ডাকাতিয়া নদী। নদীর ওপর সেতু না থাকায় দুই পাড়ের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও। এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি শুরু হওয়া এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ফুলের নাওড়ী গ্রামের এয়াকুব মজুমদার ও নাজমুল হোসেন এবং হুগলি এলাকার আবদুল মান্নান, অলি আহমেদসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁদের প্রত্যাশা, সাঁকোটি নির্মিত হলে আপাতত দুই পাড়ের মানুষের যাতায়াত কিছুটা সহজ হবে।

শিক্ষার্থীদের যাতায়াতে বাড়তি ঝুঁকি

স্থানীয়দের ভাষ্য, ডাকাতিয়া নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন নানা প্রয়োজনে দুই পাড়ের মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নদী পার হতে নৌকার ওপর নির্ভর করতে হয়। বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে দুর্ভোগের পাশাপাশি পারাপারে নিরাপত্তাঝুঁকিও বেড়ে যায়।

স্থানীয় অভিভাবক আবুল কাশেম ও বেলাল হোসেন বলেন, এখানে একটি স্থায়ী সেতু নির্মিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং এলাকার সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এ জন্য তাঁরা দ্রুত সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

স্বেচ্ছাশ্রমে সাময়িক সমাধানের চেষ্টা

সাঁকো নির্মাণের উদ্যোক্তা এয়াকুব মজুমদার বলেন, ‘সবার ছোট ছোট সহযোগিতায় আমরা এই সাঁকো তৈরি করছি, যেন কোমলমতি শিশু ও সাধারণ মানুষের পথচলা কিছুটা সহজ হয়।’

ফুলের নাওড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, নদীর ওপার থেকে অনেক শিক্ষার্থী কষ্ট করে বিদ্যালয়ে আসে। সাময়িকভাবে বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও স্থায়ী সমাধানের জন্য সরকারি উদ্যোগে দ্রুত একটি সেতু নির্মাণ জরুরি।

স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ যোগাযোগের দুর্ভোগ কমানোর একটি প্রচেষ্টা হলেও এটি স্থায়ী সেতুর বিকল্প নয়। তাই শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ডাকাতিয়া নদীর ওপর সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad