ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হবে: মুখ্য সচিব

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ শিল্প পার্ক

উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধিতে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ প্রয়োজনীয় কাজ শেষ করা হবে। এতে প্লট বরাদ্দ পাওয়া উদ্যোক্তারা শিল্পকারখানা স্থাপনের কাজ শুরু করতে পারবেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকালে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক পরিদর্শন, অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মুখ্য সচিব বলেন, নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী বিসিক শিল্প পার্কের মাঠে এক সভায় থমকে থাকা প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ শেষ করে উদ্যোক্তাদের শিল্প স্থাপনের সুযোগ তৈরি করাই লক্ষ্য।

অংশীজনদের সঙ্গে মতবিনিময়

সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় শিল্প পার্কের উন্নয়ন, অবকাঠামো এবং উদ্যোক্তাদের কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, প্লট মালিক ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু; জেলা বিএনপির সহসভাপতি ও বিসিক শিল্প পার্ক প্লট মালিক সমিতির সভাপতি আলহাজ মো. আব্দুল কাদের শেখ; বিসিক শিল্প পার্কের প্লট মালিক এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তারসহ জেলা বিএনপির নেতারা, প্রশাসনের কর্মকর্তা, চেম্বারের কর্মকর্তা ও পরিচালক এবং শিল্প পার্কের অন্যান্য অংশীজন।

বৃক্ষরোপণ কর্মসূচি

পরিদর্শন ও মতবিনিময় সভার পাশাপাশি শিল্প পার্ক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগসহ প্রয়োজনীয় কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হলে শিল্প স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরাঞ্চলের শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad