নির্বাচনের দাবিতে অনশন-বিক্ষোভ
প্রতিবেদন অনুযায়ী, গত ১২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের গালিব লনে অনির্দিষ্টকালের অনশন ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
এর মধ্যে ক্যাম্পাসের দেয়ালে ‘ফ্রি কাশ্মীর’ এবং নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-বিরোধী আন্দোলনে কারাবন্দি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) গবেষক শারজিল ইমামের মুক্তির দাবিতে স্লোগান ও পোস্টার দেখা গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
আন্দোলনে সংহতি, কংগ্রেস এমপি আটক
চলমান আন্দোলনের প্রতি সংহতি জানাতে গত শুক্রবার জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ক্যাম্পাসে যান কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ। এ সময় দিল্লি পুলিশ তাকে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন বাতিল
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ‘তালিমি মেলা ২০২৬’ বাতিল করা হয়েছে।
গত ২১ অক্টোবর ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্তৃপক্ষের প্রস্তাবে সম্মতি না দেওয়ায় এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরে না আসায় শিক্ষার্থী ও অতিথিদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের উদ্যোগ প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছাত্র সংসদের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে নতুন খসড়া সংবিধান তৈরির জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ২০০৬ সাল থেকে ছাত্র সংসদের কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে প্রশাসনের এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, খসড়া সংবিধান তৈরির উদ্যোগ ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মূল দাবির সমাধান নয়।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক