সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ দুই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। পরবর্তী সিদ্ধান্ত ও হালনাগাদ যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।
জেদ্দা ও মদিনা দিয়ে যাতায়াতের সুযোগ
জরুরি প্রয়োজনে যাত্রীদের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।
যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিশেষ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
এ ছাড়া ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্য
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সংশ্লিষ্ট রুটগুলোর ফ্লাইট পরিচালনা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ও হালনাগাদ সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক