চাঁদাবাজি-সিন্ডিকেটের বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রীর প্রতি সারজিসের আহ্বান
ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলোর বাস্তব অবস্থা জানতে প্রধানমন্ত্রীর প্রতি ছদ্মবেশে মাঠপর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান সারজিস আলম।
পোস্টে তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি যাচাই করতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় বর্জ্য অপসারণে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র সামনে আসলে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সারজিস আলমের ভাষ্য, বর্জ্য ব্যবস্থাপনার সংকটের জন্য দায়ী পুরো ব্যবস্থার সবাই জবাবদিহির আওতায় না এলেও প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
একই সঙ্গে তিনি চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো সরেজমিনে যাচাইয়ের আহ্বান জানান। এসব বিষয়ে প্রকৃত পরিস্থিতি জানতে প্রধানমন্ত্রীর ছদ্মবেশে সাধারণ মানুষের মতো মাঠপর্যায়ে গিয়ে অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দেন তিনি।
সারজিস আলম মনে করেন, জনগণের দৈনন্দিন ভোগান্তি ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নিলে সমস্যাগুলো চিহ্নিত করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আরও সহজ হবে।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক