কোহলির ব্যাটে ইতিহাস, টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০১ জুন ২০২৬, ০৩:৫০ দুপুর
  • ২৫০৭০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কোহলির ব্যাটে ইতিহাস, টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু।


আবারও আইপিএলের মুকুট উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাথায়। বিরাট কোহলির অনবদ্য ব্যাটিংয়ে গুজরাট টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছে দলটি। রোববার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বেঙ্গালুরু।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে গুজরাট। পাওয়ার প্লের মধ্যেই ফিরে যান অধিনায়ক শুভমন গিল (১০) ও সাই সুদর্শন (১২)। এরপর জস বাটলারও ১৯ রান করে বিদায় নিলে বিপাকে পড়ে দলটি। বেঙ্গালুরুর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গুজরাট।

তবে একপ্রান্তে প্রতিরোধ গড়ে তোলেন ওয়াশিংটন সুন্দর। তার ৫০ রানের দায়িত্বশীল ইনিংস এবং শেষদিকে আরশাদ খানের ৬ বলে ১৫ রানের ঝোড়ো ক্যামিওতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। বেঙ্গালুরুর হয়ে রসিখ সালাম ৩টি, আর জশ হ্যাজেলউড ও ভুবনেশ্বর কুমার ২টি করে উইকেট শিকার করেন।

১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বিরাট কোহলি। ভেঙ্কটেশ আইয়ারের ৩২ রানের ঝলমলে ইনিংসে উড়ন্ত সূচনা পায় বেঙ্গালুরু। মাঝপথে রশিদ খান জোড়া আঘাত হেনে ম্যাচে উত্তেজনা ফেরানোর চেষ্টা করলেও কোহলি ছিলেন অবিচল।

ইনজুরি কাটিয়ে ফেরা এই তারকা ব্যাটার আইপিএল ক্যারিয়ারের অন্যতম দ্রুততম অর্ধশতক তুলে নেন। শেষ পর্যন্ত ৪২ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। রজত পাতিদার ও টিম ডেভিড দ্রুত ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ আর হাতছাড়া করেনি বেঙ্গালুরু। ১৮তম ওভারেই জয় নিশ্চিত করে উল্লাসে মাতে দলটি।

এই জয়ের মধ্য দিয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর আইপিএলের ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা দুই মৌসুমে শিরোপা জয়ের বিরল কীর্তি গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলির ব্যাটে ভর করেই আরেকবার ইতিহাসের পাতায় নাম লেখাল ফ্র্যাঞ্চাইজিটি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad