প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে তার নির্মিত দুটি জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি অনুষ্ঠিত হবে সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা।
শুক্রবার (৫ জুন) বিকেল ৪টা থেকে রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হবে ‘হুমায়ূন আহমেদ স্মরণ’ অনুষ্ঠানমালা। উদ্বোধনী পর্বে প্রদর্শিত হবে তার নির্মিত বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘শ্রাবণ মেঘের দিন’।
সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র গবেষক ও সমালোচক ড. শাহাদৎ রুমন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান।
সেমিনারে বিশেষ আলোচক হিসেবে অংশ নেবেন হুমায়ূন আহমেদের পুত্র, নির্মাতা নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
এছাড়া অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ রচিত গান পরিবেশনের আয়োজন রাখা হয়েছে। রাত ৮টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে তার শেষ নির্মিত চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’।
শিল্পকলা একাডেমির এই আয়োজনের মাধ্যমে বাংলা সাহিত্য ও চলচ্চিত্রাঙ্গনে হুমায়ূন আহমেদের অনন্য অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি তার সৃষ্টিশীল উত্তরাধিকারকে স্মরণ করা হবে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স