ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম দিকের ম্যাচগুলো দেখতে অর্থ পরিশোধ করেও বঞ্চিত হয়েছেন গ্রামীণফোনের বহু গ্রাহক। ‘ফিফা ওয়ার্ল্ড কাপ পাস’ কিনেও নির্ধারিত সময়ে বায়োস্কোপ প্ল্যাটফর্মে খেলা দেখতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এদিকে সেবায় বিঘ্ন ঘটলেও গ্রাহকদের কাছ থেকে আদায় করা অর্থ গ্রামীণফোনের হিসাবেই থেকে গেছে।
গ্রাহকদের অভিযোগ, বিশ্বকাপ উপলক্ষে গত ১১ জুন ‘ফিফা ওয়ার্ল্ড কাপ পাস’ নামে তিন ধরনের বিশেষ প্যাকেজ চালু করে গ্রামীণফোন। এর মধ্যে ২৪ ঘণ্টার প্যাকেজের মূল্য ২৮ টাকা, ৭ দিনের প্যাকেজ ১২৭ টাকা এবং ৪৫ দিনের প্যাকেজ ১৯৯ টাকা। এসব প্যাকেজের মাধ্যমে বায়োস্কোপ অ্যাপে বিশ্বকাপের খেলা সরাসরি দেখার সুযোগ দেওয়ার কথা ছিল।
তবে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই অনেক গ্রাহক স্ট্রিমিং সমস্যার মুখে পড়েন। কেউ কয়েক মিনিট দেখতে পারলেও পরে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার অনেকে শুরু থেকেই সম্প্রচার দেখতে পারেননি।
রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা আব্দুর রহমান জানান, বিশ্বকাপের খেলা উপভোগ করতে তিনি ১২৭ টাকার প্যাকেজ কিনেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অল্প সময় সম্প্রচার দেখা গেলেও পরে আর সংযোগ পাননি।
গ্রাহকদের দাবি, সেবা দিতে ব্যর্থ হলেও প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য কোনো ক্ষতিপূরণ বা বিকল্প সুবিধার ঘোষণা দেয়নি। ফলে অর্থ খরচ করেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন তারা।
যদিও এ বিষয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষ কারিগরি ত্রুটির কথা স্বীকার করেছে। প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, একটি অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু গ্রাহক বায়োস্কোপে বিশ্বকাপের খেলা দেখার সময় বিঘ্নের সম্মুখীন হয়েছেন। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানে কাজ করেছে সংশ্লিষ্ট টিম। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তাদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
তবে প্রশ্ন উঠেছে, সেবায় বড় ধরনের ব্যর্থতার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য গ্রামীণফোন কোনো অর্থ ফেরত বা ক্ষতিপূরণমূলক ব্যবস্থা গ্রহণ করবে কি না। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স