ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরুর পরিবারে নতুন অতিথি আসার গুঞ্জন জোরালো হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই মা হতে চলেছেন এই অভিনেত্রী।
কিছুদিন ধরেই সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে আলোচনা চলছিল। সম্প্রতি তাঁর অভিনীত নতুন চলচ্চিত্র ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর টিমের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেন সামান্থা। অনুষ্ঠানে প্রকাশিত কয়েকটি ছবিতে তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়।
সামান্থার ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় ছিল। ২০১৫ সালের দিকে তেলুগু অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে তাঁর সম্পর্কের সূচনা হয়। পরে ২০১৭ সালের ৭ ও ৮ অক্টোবর হিন্দু ও খ্রিস্টান ধর্মীয় রীতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। তবে চার বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা দম্পতি।
সম্প্রতি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নতুন জীবনের সূচনা করেন সামান্থা। এরই মধ্যে তাঁদের সংসারে নতুন সদস্য আগমনের সম্ভাবনার খবর ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। যদিও এ বিষয়ে সামান্থা বা রাজ নিদিমোরুর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত পারিবারিক অ্যাকশন-কমেডি ঘরানার চলচ্চিত্র ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর চিত্রনাট্য রচনা করেছেন রাজ নিদিমোরু ও বসন্ত মারিঙ্গান্তি। ছবিটি পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি। ২০১৯ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ওহ! বেবি’-র পর আবারও নন্দিনী রেড্ডির পরিচালনায় অভিনয় করেছেন সামান্থা। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মাঞ্চালে ও গৌতমী তাডিমাল্লা।
তবে সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স