চাঞ্চল্যকর ঘটনা জাবি হলে: বোরকা পরে ঢুকে চুরি, নারী আটক

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, ০৯:০৯ রাত
  • ১৩২১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুইটি নারী শিক্ষার্থীদের আবাসিক হলে বোরকা পরে শিক্ষার্থী সেজে প্রবেশ করে চুরির অভিযোগে এক নারীকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ফেলানী খাতুন হল ও বেগম রোকেয়া হলে এ ঘটনা ঘটে। আটক ওই নারীর নাম লামিয়া ইসলাম। তিনি সাভার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হল প্রশাসন সূত্রে জানা যায়, নতুন শিক্ষাবর্ষের কারণে হলে শিক্ষার্থীদের বাড়তি চলাচলের সুযোগ নিয়ে ওই নারী বোরকা পরে ভেতরে প্রবেশ করেন। মোবাইল ফোনে কথা বলার ভান করে স্বাভাবিকভাবে তিনি হলে ঢোকেন। মুখ ঢেকে থাকায় শুরুতে কেউ সন্দেহ করেনি।

এরপর তিনি শহীদ ফেলানী খাতুন হলের বিভিন্ন তলায় বারান্দায় শুকাতে দেওয়া কাপড়চোপড় ও ব্যক্তিগত সামগ্রী নিজের ব্যাগে ভরতে থাকেন বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে একটি কক্ষের সামনে রাখা প্রসাধনী সামগ্রী নিতে গেলে এক আবাসিক শিক্ষার্থী বিষয়টি লক্ষ্য করেন।

সন্দেহ হওয়ায় শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করে হল প্রশাসনের কাছে নেওয়া হয়।

পরে তার ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের কাপড় ও প্রসাধনী উদ্ধার করা হয়। এছাড়া হলের দ্বিতীয় তলা থেকে আরও দুটি ব্যাগ পাওয়া যায়, যেখানে বিপুল পরিমাণ জামা-কাপড় এবং কয়েকটি কক্ষের ফ্রিজ থেকে নেওয়া মাছ ও মাংস ছিল বলে জানা যায়।

হল সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে—শহীদ ফেলানী খাতুন হলে প্রবেশের আগে ওই নারী বেগম রোকেয়া হল থেকেও মাছ ও মাংসসহ বিভিন্ন সামগ্রী চুরি করেছেন এবং সেগুলো অন্য হলে নিয়ে গেছেন।

ঘটনার পর আশুলিয়া থানায় খবর দেওয়া হলে নারী পুলিশ সদস্যসহ একটি দল ক্যাম্পাসে এসে তাকে হেফাজতে নেয়। শিক্ষার্থীদের দাবির মুখে হল প্রশাসনও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

শহীদ ফেলানী খাতুন হলের প্রভোস্ট শামীমা নাসরীন জলি বলেন, অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্টাফদের মাধ্যমে মামলা দায়ের করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad