অর্থনৈতিক সংকট উত্তরণে জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করেছে সরকার: চিফ হুইপ

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম। তিনি বলেছেন, বর্তমান সরকার মানবিক, জনকল্যাণমুখী ও সাশ্রয়ী বাজেট বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নিতে চায়।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমএবি) আয়োজিত ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেট’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে আমানতকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময়ে এমন একটি আইন করা হয়েছিল, যার ফলে কোনো ব্যাংক দেউলিয়া হলে আমানতকারী সর্বোচ্চ এক লাখ টাকা ফেরত পাওয়ার সুযোগ পেতেন। এ ধরনের নীতির সমালোচনা করে তিনি বলেন, ব্যাংকিং খাতকে টেকসই ও আস্থাশীল করতে ব্যাপক সংস্কার প্রয়োজন।

অর্থ পাচারের প্রসঙ্গ তুলে মো. নুরুল ইসলাম বলেন, বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ায় দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাব বৈদেশিক মুদ্রাবাজারেও পড়েছে। ডলারের মূল্যবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছে এবং বাজেটের মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বক্তব্যে তিনি গণতান্ত্রিক চর্চা ও জাতীয় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দেশের অর্থনৈতিক পুনর্গঠন ও স্থিতিশীলতা অর্জনে রাজনৈতিক ও সামাজিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

চিফ হুইপ বলেন, বাজেটকে শুধু আয়-ব্যয়ের হিসাব হিসেবে দেখলে হবে না; এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। তিনি অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে গঠনমূলক সমালোচনা এবং প্রয়োজনীয় সংস্কারের সুযোগ উন্মুক্ত রাখার কথাও উল্লেখ করেন তিনি।

এমএবির সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে এবং ড. মো. শামসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এ কে এম ওয়ারেছুল করিম। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, জুবায়ের আহমেদ বাবুসহ অর্থনীতিবিদ, গবেষক ও বিভিন্ন পেশাজীবী অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad