বর্ষা ঋতুর আবহকে ধারণ করে কোক স্টুডিও বাংলা সিজন–৪-এর নতুন গান ‘মেঘ’ প্রকাশিত হয়েছে। বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য, আধুনিক সুর ও কাব্যিক উপস্থাপনার সমন্বয়ে নির্মিত এই গানটি বর্ষার অনুভূতিকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে।
গানটিতে একসঙ্গে কাজ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। বর্ষার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত গানটিতে ফুটে উঠেছে বৃষ্টির প্রতীক্ষা, নতুন শুরুর প্রত্যাশা এবং জীবনের পুনর্জাগরণের আবেগ।
‘মেঘ’-এর অন্যতম আকর্ষণ বাংলা সংস্কৃতির চিরায়ত ঐতিহ্যকে আধুনিক সংগীতভাষায় উপস্থাপন করা। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ভাবনা থেকে অনুপ্রেরণা নিয়ে সমকালীন স্পোকেন ওয়ার্ড, আধুনিক সংগীতায়োজন এবং শাস্ত্রীয় সুরের সংমিশ্রণে গানটি পেয়েছে এক স্বতন্ত্র মাত্রা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। শাস্ত্রীয় সংগীতের আবেগ, সমকালীন সাউন্ড এবং নতুন ধারার সংগীতায়োজনের সমন্বয়ে তৈরি এই পরিবেশনা কোক স্টুডিও বাংলার সেই ধারাবাহিক প্রয়াসকে আরও একবার সামনে এনেছে, যার লক্ষ্য দেশীয় সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ভিন্ন আঙ্গিকে পৌঁছে দেওয়া।
বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা বরাবরই অনুপ্রেরণার এক গুরুত্বপূর্ণ উৎস। সেই ঐতিহ্যকে আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে ব্যাখ্যা করেছে ‘মেঘ’। শাস্ত্রীয় প্রভাব ও সমকালীন সুরের মেলবন্ধনে গানটি বর্ষার আবহকে আরও গভীরভাবে অনুভব করার এক অনন্য সংগীতানুভূতি তৈরি করেছে।
কোক স্টুডিও বাংলা সিজন–৪-এর নতুন গান ‘মেঘ’ বর্তমানে সব জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাচ্ছে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স