‘কষ্টের টাকা ফেরত চাই’—রংপুরে ফারইস্ট ইসলামী লাইফের কার্যালয় ঘেরাও, সড়ক অবরোধে আমানতকারীরা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ জুলাই ২০২৬, ০৭:১৮ বিকাল
  • ২২০৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা রাখা অর্থ ফেরতের দাবিতে রংপুরে বিক্ষোভ, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং সড়ক অবরোধ করেছেন শতাধিক আমানতকারী। রোববার (৫ জুলাই) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক গ্রাহক অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পরিপক্ব হওয়া পলিসির অর্থ ফেরতের জন্য আবেদন করলেও কোম্পানির পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও টাকা পরিশোধ না করে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে তাদের দাবি।

আন্দোলনকারী ইসরাফিল আলম হেলালী বলেন, রংপুর জেলায় প্রায় ৭০ হাজার গ্রাহকের প্রায় ১৩৭ কোটি টাকা কোম্পানির কাছে পাওনা রয়েছে। তার দাবি, সারা দেশে প্রায় ৪০ লাখ গ্রাহকের প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকারও বেশি অর্থ আটকে আছে।

তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনের কারণে নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফখরুল ইসলামের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও তিনি দাবি করেন।

আরেক ভুক্তভোগী কাওসার মিয়া বলেন, পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে কষ্টার্জিত অর্থ কোম্পানিতে জমা রেখেছিলেন। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পরও এখন পর্যন্ত টাকা ফেরত পাননি। দিনের পর দিন ঘুরিয়েও কোনো সমাধান মিলছে না বলে অভিযোগ করেন তিনি।

বিক্ষোভ শেষে আমানতকারীরা সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রাহকদের সম্পূর্ণ পাওনা পরিশোধ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad