বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজ (মঙ্গলবার) বড়পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনা–মিশর ম্যাচসহ দিনের সব ম্যাচের সম্প্রচার স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ এবং অ্যাথলেট স্পোর্টস গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সেজান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এবং অ্যাথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভেন্যুতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হচ্ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবারের সব আয়োজন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
যেসব স্থানে বড়পর্দায় ম্যাচ সম্প্রচার বন্ধ থাকবে সেগুলো হলো— টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠ, কবি জসীমউদদীন হলের খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় প্রাঙ্গণ এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের খেলার মাঠ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আগামীকাল থেকে পূর্বনির্ধারিত পাঁচটি ভেন্যুতেই ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি ম্যাচ যথারীতি বড়পর্দায় সম্প্রচার করা হবে।
এদিকে আকস্মিক এ সিদ্ধান্তে আর্জেন্টিনা–মিশর ম্যাচ বড়পর্দায় উপভোগের অপেক্ষায় থাকা শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীদের মধ্যে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার