গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন ও সহসভাপতি সুমন খন্দকারের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চলাকালে 'শেখ হাসিনা' স্লোগান দেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জ শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনাকে 'গণহত্যা দিবস' হিসেবে উল্লেখ করে নিহত ও আহতদের স্মরণে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের খবর পেয়ে তা প্রতিহত করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। পাশাপাশি কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক