দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আমিন খান। তবে এবার নায়ক হিসেবে নয়, নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে খলনায়কের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
নব্বই দশকে চলচ্চিত্রে অভিষেকের পর একের পর এক জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন আমিন খান। তবে বেশ কয়েক বছর ধরে তিনি বড় পর্দায় অনিয়মিত ছিলেন।
নতুন সিনেমায় যুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে আমিন খান বলেন, “খুব ভালো লাগছে। অনেকদিন পর সিনেমায় কাজ করছি। সুযোগ হয়েছে বলেই ফিরছি। মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়েছি। কেন জানি না, ব্যাটে-বলে মিলছিল না। নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিলেন, তখন মনে হলো সিনেমাটি করা যায়। এ ছাড়া এই সিনেমায় অনেক গুণী শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।”
১৯৯৩ সালে পরিচালক মোহাম্মদ হোসেনের ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় আমিন খানের। এরপর অসংখ্য জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।
নির্মাতা ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘গুলশানের চামেলি’ সিনেমায় আমিন খানের পাশাপাশি অভিনয় করবেন অনন্ত জলিল, ওমর সানী, রোজিনা, মিশা সওদাগর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেক শিল্পী।
জানা গেছে, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের কোনো এক ঈদে ছবিটি মুক্তি পাবে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স