সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে চার ব্যক্তিকে অপহরণ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মাহমুদুল হাসান সোহাগ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চরঘাটিনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগ উপজেলার নেওরগাছা পুরাতনপাড়ার আলী আশরাফ ওরফে ঝন্টুর ছেলে।
পুলিশ জানায়, উল্লাপাড়ার চার ব্যক্তি শাহজাদপুর থেকে একটি প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। পথে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের জংলীপুর জোড়া ব্রিজের কাছে পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে থাকা ১৫ থেকে ১৬ জন যুবক নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে প্রাইভেটকারটির গতিরোধ করে।
পরে তারা প্রাইভেটকারে থাকা চার ব্যক্তিকে জিম্মি করে উপজেলার চরঘাটিনা এলাকার একটি ফাঁকা স্থানে নিয়ে যায়। সেখানে তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীরা কৌশলে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা অন্যরা পালিয়ে যায়। তবে পুলিশ মাহমুদুল হাসান সোহাগকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নতুন পাইকপাড়ার সোলায়মান হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)