বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষকের পরিবর্তে তার শিক্ষার্থীদের দিয়ে আলিম পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে তদন্তে জানা যায়, নরসিংদীর মাধবদী উপজেলার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন ২০২৬ সালের আলিম পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে তার শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করিয়েছেন।
বিষয়টি নজরে আসার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মাধবদী থানায় নাসির উদ্দিনের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মামলা করেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে নাসির উদ্দিনকে ইতোমধ্যে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বোর্ডের সব পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবনের জন্য দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)