বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, নির্ধারিত সীমার মধ্যে রয়্যালটি, টেকনিক্যাল নলেজ ও কারিগরি সহায়তা ফি পরিশোধের জন্য ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক রেমিট্যান্সের ব্যবস্থা করতে পারবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব থেকে অর্থ পাঠানোর পাশাপাশি আগে অনুমোদিত বৈদেশিক মুদ্রা হিসাব ব্যবহারের ব্যবস্থাও বহাল থাকবে। তবে অর্থ পাঠানোর আগে ব্যাংককে নিশ্চিত হতে হবে, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রায় কোনো আয় নেই।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদেশি অর্থ পরিশোধের বাধ্যবাধকতা সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে নির্ধারিত সীমার বেশি রয়্যালটি, টেকনিক্যাল নলেজ ও কারিগরি সহায়তা ফি বিদেশে পাঠাতে হলে বিএইচটিপিএর পূর্বানুমোদন নিতে হবে। এ ছাড়া অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রেও অর্থের পরিমাণ নির্বিশেষে বিএইচটিপিএর নির্দিষ্ট অনুমোদন নিতে হবে।
নতুন ব্যবস্থার ফলে হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলো বিদেশি চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ এবং পরিচালনাগত ব্যয় নির্বাহে আগের তুলনায় বেশি সুবিধা ও শিথিলতা পাবে।

প্রথম দর্পণ,ডেস্ক