প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ইন্টারকে চাপে ফেলে নাপোলি। মাত্তেও পলিতানো ও রাসমুস হয়লুন্দের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
এরপর ঘুরে দাঁড়ায় ইন্টার। ৫৬তম মিনিটে গোল করে ব্যবধান কমান লাউতারো। পরে মার্কাস থুরামের হেডে সমতায় ফেরে স্বাগতিকরা।
ম্যাচ যখন ২-২ সমতায় শেষ হওয়ার পথে, তখন আবারও ত্রাতা হয়ে ওঠেন লাউতারো। ৯১তম মিনিটে তার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
জয়সূচক গোলের পর লাউতারোর উদযাপনও ছিল দৃষ্টিনন্দন। বিজ্ঞাপনী বেষ্টনীর ওপর উঠে সমর্থকদের সঙ্গে আনন্দে মাতেন তিনি। পরে তার সঙ্গে যোগ দেন সতীর্থ মার্কাস থুরাম।
ম্যাচ শেষে উদযাপন নিয়ে মজার কথা বলেন লাউতারো। তার ভাষ্য, থুরাম সবসময় ওই জায়গায় উঠে গোল উদযাপন করাকে ‘পাগলামি’ বলে মজা করেন। অথচ এবার তিনিই লাউতারোর সঙ্গে সেখানে উঠে উদযাপনে যোগ দিয়েছেন।
এই ম্যাচে জোড়া গোলের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও মাইলফলক ছুঁয়েছেন লাউতারো। ইন্টারের হয়ে সিরি আ-তে তার গোলসংখ্যা এখন ১৩৪। ক্লাবটির লিগ ইতিহাসে তার চেয়ে বেশি গোল করেছেন কেবল বেনিতো লরেঞ্জি ও কিংবদন্তি গিউসেপ্পে মেয়াজ্জা।
লরেঞ্জির ১৩৮ গোল থেকে মাত্র চার গোল দূরে রয়েছেন লাউতারো। তবে মেয়াজ্জার ১৯৭ গোলের রেকর্ড পেরোতে তাকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স