ভারতীয় ন্যায় সংহিতার ২৮৫ ও ২৯২ ধারায় মামলাটি করা হয়েছে। প্রথম ধারায় জনসাধারণের চলাচলের পথে বিপদ বা প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দ্বিতীয় ধারায় জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগের বিষয়টি উল্লেখ রয়েছে।
পুলিশের অভিযোগ, শুক্রবার সার্কিট হাউসের ফটকের কাছে গাড়ি রেখে মাটিতে নামাজ আদায় করেন উসমান। এ সময় তিনি যান চলাচলে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। নামাজ আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উসমান। সাংবাদিকদের তিনি বলেন, তিনি কোনো সড়ক অবরোধ করেননি। তার চালক সার্কিট হাউসের পার্কিং এলাকায় এসইউভিটি রাখার পর তিনি গাড়ির সামনে নামাজ আদায় করেন। এতে যান চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি এবং কেউ তখন আপত্তিও জানায়নি বলে দাবি করেন তিনি।
উসমান সমাজবাদী পার্টির নেতাদের সঙ্গে উত্তরপ্রদেশ বিধান পরিষদের বিরোধীদলীয় নেতা লাল বিহারি যাদবের একটি বৈঠকে যোগ দিতে সার্কিট হাউসে গিয়েছিলেন। তিনি বিলারি আসনের বিধায়ক মোহাম্মদ ফাহিম ইরফানের চাচা।
পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) জুনিয়র প্রকৌশলী অনিল কুমারের অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়। অভিযোগে তিনি বলেন, লাল বিহারি যাদবের উদ্যোগে সার্কিট হাউসে বৈঠকটি আয়োজন করা হয়েছিল।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার মসজিদের বাইরে সড়কে নামাজ পড়া নিষিদ্ধ করেছিল।
সূত্র: দ্য ওয়্যার.ইন, টেলিগ্রাফ ইন্ডিয়া

প্রথম দর্পণ,ডেস্ক