নেপালে উদ্ধার অভিযানে নজিরবিহীন চ্যালেঞ্জ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ দুপুর
  • ৪৭০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিখোঁজদের উদ্ধারে নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে পড়েছেন উদ্ধারকারীরা। হিমালয় অঞ্চলের জলবিদ্যুৎ প্রকল্পের একাধিক টানেলে একই সময়ে উদ্ধার অভিযান চালাতে হচ্ছে। অস্ট্রেলিয়ার উদ্ধার বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেছেন, এমন পরিস্থিতির মুখোমুখি তিনি আগে কখনো হননি।

চীন-নেপাল সীমান্তে গত ২৬ আগস্ট হিমবাহ ও পাহাড় ধসে সৃষ্ট দুর্যোগে দুই দেশে অন্তত ১ হাজার ৩৮৫ জন নিহত হয়েছেন। এখনো ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ। নিখোঁজদের মধ্যে জলবিদ্যুৎ প্রকল্পের শত শত কর্মী রয়েছেন। সোমবার উদ্ধার অভিযান ১৩তম দিনে গড়িয়েছে।

ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের সভাপতি ডিক্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, এটি একক কোনো উদ্ধার অভিযান নয়; একই সময়ে বিভিন্ন স্থানে একাধিক সম্ভাব্য উদ্ধার অভিযান চলছে। প্রতিটি স্থানেই রয়েছে আলাদা ঝুঁকি, অনিশ্চয়তা এবং জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা।

তিন স্তরে চলছে উদ্ধার

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত এএফপিকে বলেন, প্রথম দিনের মতোই উদ্ধারকাজের গতি অব্যাহত রয়েছে। স্থলপথ, আকাশপথ এবং টানেলের ভেতর—এই তিন স্তরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো মানুষ আটকে থাকলে তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

টানেলের গভীর ভেতর থেকে তিন শ্রমিককে জীবিত উদ্ধারের পর নিখোঁজ অন্যদের নিয়েও আশাবাদ তৈরি হয়েছে। শুক্রবার দুই নেপালি শ্রমিক এবং শনিবার এক চীনা নাগরিককে উদ্ধার করা হয়।

নেপালের উদ্ধারকারী দলগুলোকে সহায়তা করছেন চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা। তাদের সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ার উদ্ধার বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সও।

ডিক্স বলেন, উদ্ধার অভিযানের সাফল্য শুধু কতজনকে জীবিত উদ্ধার করা গেল, তার ওপর নির্ভর করে না; বরং যাদের পরিত্যাগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের জীবন রক্ষার চেষ্টার মধ্যেও সাফল্য নিহিত।

২০২৩ সালে ভারতের উত্তরাখণ্ডের সিলকিয়ারা টানেল ধসে ১৭ দিন আটকে থাকা ৪১ শ্রমিককে উদ্ধারে গুরুত্বপূর্ণ পরামর্শক হিসেবে কাজ করেছিলেন ডিক্স।

এদিকে ভয়াবহ দুর্যোগে নিহতদের স্মরণে সোমবার নেপালে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। জাতীয় শোকের মধ্যেও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad