নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীসহ অভিনেত্রী পরীমণি, সাফা কবির, জাকিয়া বারী মম ও মৌসুমী হামিদ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
ঘটনার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে চিত্রনায়িকা পরীমণি ক্ষোভ প্রকাশ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “কয়েকটি কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না।”
অভিনেত্রী সাফা কবির ঘটনাটিকে ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, একজন শিল্পী যখন দেশের বাইরে চলচ্চিত্র উৎসবে নিজের দেশ ও চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করতে যান, তখন তাঁর প্রাপ্য সম্মান ও নিরাপত্তা; অপমান, হয়রানি কিংবা আতঙ্ক নয়। শিল্পীদের বারবার রাজনৈতিক টানাপোড়েনের শিকার করা হচ্ছে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু বিচারও দাবি করেন তিনি।
অভিনেত্রী মৌসুমী হামিদও ঘটনার নিন্দা জানিয়ে সামগ্রিক পরিস্থিতির সমালোচনা করেন। তাঁর ভাষ্য, কোনো শিল্পীর ওপর হামলা বা আক্রমণ কাম্য নয়। একই সঙ্গে তিনি বলেন, একজনের ওপর হামলার প্রতিশোধ হিসেবে অন্য কারও ওপর আক্রমণ চালানো নীতিহীনতা। মানুষকে তাঁর মনুষ্যত্ব দিয়ে বিচার না করে রাজনৈতিক পরিচয় বা দলের ভিত্তিতে বিচার করার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে দেশের শিল্পীদের ওপর ধারাবাহিক আক্রমণের প্রসঙ্গ টেনে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। বাঁধনের সঙ্গে সংহতি জানিয়ে তিনি মন্তব্য করেন, “এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন।”
ভেনিস চলচ্চিত্র উৎসরের মতো আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের একজন অভিনয়শিল্পীর সঙ্গে এমন ঘটনার অভিযোগে দেশের বিনোদন অঙ্গনে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া এবং বিদেশে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স