মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৬ সালে হজযাত্রীদের বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ২০২৭ সালের হজ প্যাকেজে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
ধর্মমন্ত্রী আরও বলেন, ২০২৩ সালে হজযাত্রীদের কাছ থেকে বিমান ভাড়া হিসেবে নেওয়া হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৯৭৯ টাকা। ওই সময় অতিরিক্ত নেওয়া অর্থ কোথায় গেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, সাধারণত সময়ের সঙ্গে বিমান ভাড়া বাড়ে; কমে না। তবে বর্তমান সরকার প্রমাণ করেছে, হাজিদের জন্য বিমান ভাড়া কমানো সম্ভব। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার হজযাত্রীদের বিমান ভাড়া কমানো হয়েছে বলেও জানান তিনি।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। ভবিষ্যতেও আরও সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে হজ ব্যবস্থাপনা পরিচালনায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক