ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতিবদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ বিকাল
  • ১৬৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইমাম ও খতিবদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমান।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের বাগেরহাট সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ইনসাফভিত্তিক সমাজ, ইমাম-খতিবদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে এ সভার আয়োজন করা হয়।

মাওলানা মানফুজুর রহমান বলেন, মসজিদের মিম্বার শুধু নামাজ ও ধর্মীয় শিক্ষার স্থান নয়; এটি হেদায়েত, নৈতিকতা ও সমাজ সংস্কারের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইমাম ও খতিবরা মানুষের মধ্যে ন্যায়, সততা, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা ছড়িয়ে দিতে পারেন।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে ইমাম ও খতিবদের নামে প্রতিষ্ঠিত বিভিন্ন সংগঠনে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। সাধারণ আলেম-ওলামা ও ইমামদের কল্যাণ নিশ্চিত না করে একটি সুবিধাবাদী গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত ছিল। এতে ইমাম ও খতিবদের পেশাগত মর্যাদা ও অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে ইমামদের পেশাগত মর্যাদা ও অধিকার হরণ করা হয়েছিল। সেই অন্যায় ও নৈরাজ্যের অবসান ঘটিয়ে এখন আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতীয় ইমাম ও খতীব সংস্থা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে।

জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া (সরুই মাদ্রাসা)-এর শাইখুল হাদিস এবং মিঠাপুকুর পাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় ইমাম ও খতিবদের ঐক্যবদ্ধভাবে কাজ করা, তাদের পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা এবং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়।

পরে বাগেরহাট সদর উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সালমান শামীমকে আহ্বায়ক এবং ইনামুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা সদর উপজেলার বিভিন্ন এলাকায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং ইমাম-খতিবদের ঐক্যবদ্ধ করে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad