সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধীদলীয় নেতার অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অবস্থান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা কোনো সদস্যের পদ বাতিলের পক্ষে নন—এ বিষয়টি তারা বুঝতে পেরেছেন। কোনো সংসদ সদস্য অনৈতিক কর্মকাণ্ডের কারণে দল থেকে বহিষ্কৃত হলেও সংবিধান অনুযায়ী শুধু এ কারণে তার সংসদ সদস্য পদ বাতিল হয় না।
তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। একইভাবে কোনো সদস্য নিজে দল থেকে পদত্যাগ করলেও তার আসন শূন্য হওয়ার বিষয়টি প্রযোজ্য হতে পারে। তবে গাজী নজরুল ইসলাম দলের প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ায় তার সংসদ সদস্য পদ বহাল রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের সময় গাজী নজরুল ইসলামের অনুপস্থিতিকে কেন্দ্র করে বিরোধীদলীয় নেতা যদি সংবিধানের ৭০ অনুচ্ছেদের আওতায় তার আসন শূন্য করার বিষয়ে চিঠি না দেন, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিলের কোনো বিধান নেই।
তিনি বলেন, বিরোধীদলীয় নেতার সম্মানের বিষয়টি বিবেচনায় নিয়ে সংসদীয় কমিটি থেকে গাজী নজরুল ইসলামের নাম বাদ দেওয়া হবে। এ বিষয়ে আর কোনো আলোচনা করা হবে না।
এরপর সংসদে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ৭০ অনুচ্ছেদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। তবে ভোটদানে বিরত থাকার বিষয়টি ওই অনুচ্ছেদে রয়েছে কি না, সে বিষয়ে তিনি ভিন্নমত পোষণ করেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক দিক থেকে যে অবস্থান নিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা।
উল্লেখ্য, নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হওয়ার পর গাজী নজরুল ইসলামকে সংসদের একটি কমিটিতে অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক তৈরি হয়। বিরোধী দলের আপত্তির পর কমিটি পুনর্গঠন করে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার