পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ বিকাল
  • ৬১৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজের মাধ্যমে অংশ নেওয়ার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল সানিডেলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া এবং অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দিতে সানিডেলের ১২৪ শিক্ষার্থী ও ১৪ শিক্ষক বুধবার সংসদে আসেন। অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতির সময় তাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ

পরিবেশ রক্ষায় সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদেরও অংশ নেওয়া উচিত।

নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আত্মীয়স্বজনের বাড়ির আশপাশে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি। জন্মদিন বা অন্য কোনো বিশেষ উপলক্ষে একে অন্যকে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পরিচ্ছন্নতা শুরু হোক নিজের ঘর থেকে

বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরই দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের বন্ধু ও স্বজনদের কেউ রাস্তায় বা আশপাশে ময়লা-আবর্জনা ফেললে তাদের তা থেকে বিরত রাখতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

লন্ডনে বসবাসের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেখানকার নাগরিকরাই নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন রাখেন। নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখলে পুরো দেশকেও পরিচ্ছন্ন রাখা সম্ভব। পরিবর্তন নিজের ঘর থেকেই শুরু করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীদের নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে আছে কি না, সেদিকেও নজর রাখার পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের এসব কাজে অংশ নিয়ে একটি সুন্দর দেশ গড়তে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad