দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে পাকিস্তান। শুরুতেই মুনিবা আলিকে ৫ রানে হারায় তারা। এরপর শাওয়াল জুলফিকার ও গুল ফিরোজার বিদায়ে চাপে পড়ে পাকিস্তান। আয়েশা জাফর ও সাদাফ শামাসও দ্রুত ফিরে গেলে বড় সংগ্রহের সম্ভাবনা অনেকটাই কমে যায়।
তবে সেখান থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন অধিনায়ক ফাতিমা সানা। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন তিনি। তুবা হাসান ১২ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দেন। শ্রীলঙ্কার হয়ে চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা নেন দুটি করে উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেও শুরুতে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৫ রানেই অধিনায়ক চামারি আতাপাত্তু ও সঞ্জনা কাভিন্দিকে হারায় তারা। এরপর হাসিনি পেরেরা ও ইমেশা দুলানিও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। একপর্যায়ে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হারশিতা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারি। দুজনের ৬৭ রানের জুটি শ্রীলঙ্কাকে জয়ের পথে ফিরিয়ে আনে। সামারাবিক্রমা ৩৬ এবং কাভিশা ৩৩ রান করে আউট হন।
শেষদিকে নিলাশিকা সিলভার ১০ বলে ১৮ এবং কৌশানি নুথায়ানগানার ৪ বলে ১০ রানের কার্যকর ইনিংসে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে ফাতিমা সানা ৪ উইকেট নিলেও দলকে ফাইনালে তুলতে পারেননি।
এই জয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা। আগামীকাল দুবাইয়ে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।
নারী এশিয়া কাপে ভারত এখন পর্যন্ত সাতবার এবং শ্রীলঙ্কা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ একবার শিরোপা জিতেছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স