হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং নৌ-রুট চালুর বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইরান। আগামী সোমবার ওমানের রাজধানী মাস্কাটে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, বৈঠকে ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি যৌথ নৌ-রুট চালুর বিষয়ে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে চুক্তির বিষয়টি আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-কে অবহিত করা হবে।
ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘চলতি সপ্তাহের সোমবার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মাস্কাটে বৈঠক করবেন। সেখানে তারা হরমুজ প্রণালিতে ওমান ও ইরানের মধ্যে একটি যৌথ নৌ-রুট চালুর বিষয়ে চুক্তি স্বাক্ষর করবেন এবং আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকে (আইএমও) এই চুক্তির বিষয়টি অবহিত করবেন।’
বৈঠকে এমন কয়েকটি দেশও অংশ নেবে, যাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে বলে দাবি করেন পেজেশকিয়ান
অবরোধ ও হামলা বন্ধ হলে প্রণালি খুলবে: পেজেশকিয়ান
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের অবস্থানও তুলে ধরেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ ও হামলা বন্ধ করলে ইরান প্রণালিটি পুনরায় খুলে দেবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। এখন তারা অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল নিয়েছে।
পেজেশকিয়ান বলেন, ‘আমরা থেমে থাকব না। আমাদের টিকে থাকাটা নিশ্চিতভাবেই কোনো নৌ-রুট বা সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয় এবং এ ধরনের কৌশলের মাধ্যমেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।’
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এ অঞ্চলে জাহাজ চলাচল ও নৌ-রুট নিয়ে ইরান ও আরব দেশগুলোর মধ্যে যেকোনো সমঝোতা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক