রাজশাহীতে পদ্মার পানি বাড়ায় চড়া সবজির বাজার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ দুপুর
  • ৪৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পদ্মার পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিতে রাজশাহীর কয়েকটি চরাঞ্চল প্লাবিত হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমেছে। এর প্রভাবে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে অধিকাংশ সবজির দাম বেড়েছে। বিশেষ করে বেগুনের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের দামও বেড়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নগরীর সাহেববাজারসহ আশপাশের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বর্তমানে বাজারে প্রতি কেজি শসা ৫০-৬০ টাকা, করলা ৫০, আলু ২০-২৫, পেঁয়াজ ৪৫-৫০, পটল ৪০, ঢেঁড়স ৩০-৪০, বেগুন ৯০-১০০, ফুলকপি ৬০-৭০, ঝিঙা ৩০, চিচিঙ্গা ৪০-৫০, বরবটি ৮০, কচুর লতি ৬০, কাঁচা পেঁপে ২০ এবং মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি হালি কাঁচকলা ৩০ টাকা, ওল ৫০ টাকা, প্রতিটি লাউ ৩০ টাকা এবং চালকুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গাজর ও টমেটো প্রতি কেজি ১৪০ টাকা এবং ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আদা ১৮০ টাকা, নাটোরের রসুন ৮০ টাকা এবং দেশি রসুন ১৬০-১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব পণ্যের দামে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।

বেড়েছে ডিম-মুরগির দাম

গত সপ্তাহের তুলনায় ডিম ও মুরগির দামও বেড়েছে। দেশি মুরগির ডিম প্রতি হালি ৭৫-৮০ টাকা, হাঁসের ডিম ৭০, ফার্মের লাল ডিম ৪৮ এবং সাদা ডিম ৪৪ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির মধ্যে ব্রয়লার ১৮০ টাকা, সোনালি ২৫০-২৬০, দেশি মুরগি ৫৫০, সাদা লেয়ার ২৯০, লাল লেয়ার ৩৪০, ফাউমি ৩৩০ এবং হাঁস ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিম ব্যবসায়ী হাফিজ উদ্দিন বলেন, হালিতে ৪ থেকে ৬ টাকা এবং ডজনে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ৪০ টাকা হালির সাদা ডিম এখন ৪৪-৪৫ টাকা এবং লাল ডিম ৪৮-৫০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে দাম আরও বেশি।

চড়া মাছের বাজারও

রাজশাহীর বাজারে রুই প্রতি কেজি ২৭০-৩০০ টাকা, কাতলা ৩০০-৩৫০, তেলাপিয়া ১৭০-২১০, পাঙাশ ১৮০-২০০, চাষের কৈ ২০০-২২০, চাষের শিং ৩০০-৩৫০, টেংরা ৬০০-৭০০, বোয়াল ৬৫০-৮০০, চিংড়ি ৬৫০-৯০০, কোরাল ৭৫০, দেশি কৈ ৮০০-১ হাজার এবং দেশি শিং ১ হাজার-১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের ভাষ্য, বৃষ্টির কারণে রাজশাহীর বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার কয়েকটি চরাঞ্চল ডুবে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সবজির দাম আরও বাড়তে পারে।

সবজি বিক্রেতা জসিম বলেন, গত সপ্তাহে সবজির দাম কিছুটা কম ছিল। তবে চলতি সপ্তাহে বৃষ্টির কারণে কয়েকটি এলাকা প্লাবিত হওয়ায় সরবরাহ কমেছে এবং বাজারে দাম বেড়েছে।

মাস্টারপাড়া বাজারে বাজার করতে আসা হাফিজুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সবজির দাম বেশি। শুধু সবজি নয়, মাছ, মাংস ও ডিমের দামও বেড়েছে।

রাজশাহী কলেজের শিক্ষার্থী হাবিবা বলেন, মেসে কয়েকজন থাকায় প্রতিদিনই বাজার করতে হয়। গত কয়েক সপ্তাহ সবজির দাম তুলনামূলক কম থাকলেও এ সপ্তাহে বেড়েছে। বৃষ্টির কারণেই হয়তো এই মূল্যবৃদ্ধি হয়েছে।

রাজশাহীর মুরগি ব্যবসায়ী ফাহিম আহমেদ বলেন, গত সপ্তাহে পোল্ট্রি মুরগি ১৫০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে ২০ টাকা বেড়ে ১৮০ টাকায় উঠেছে। বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরও বাড়তে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad