বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত কোর্সটির বিভিন্ন সেশন পরিচালনা করছেন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, সোহেল ইসলাম ও নাভিদ নেওয়াজ। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার আরাফাত সানি, মাহমুদউল্লাহ রিয়াদ, কামরুল ইসলাম রাব্বি ও ফজলে রাব্বি।
বাংলাদেশের হয়ে সাতটি টেস্ট খেলা কামরুল ইসলাম রাব্বির কাছে কোর্সটির গুরুত্ব শেখার মধ্যেই। তিনি বলেন, ‘আমি মনে করি এটি খুবই ভালো একটি কোর্স এবং আমরা এখান থেকে অনেক উপকৃত হব। আরও তিন-চার বছর ক্রিকেট খেলার ইচ্ছা আছে। ফলে এই কোর্স থেকে যেটা শিখব, ক্রিকেটার হিসেবে সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’
লেভেল ওয়ান কোর্সে কেন নাম লিখিয়েছেন—এমন প্রশ্নের জবাবে রাব্বি বলেন, আরও বেশি শেখাই তাঁর মূল লক্ষ্য। তাঁর ভাষায়, ‘লেভেল ওয়ান ক্রিকেটের একটি শক্ত ভিত্তি তৈরি করে। আর ক্রিকেটের মৌলিক বিষয়গুলো ভালোভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ।’
এবারের কোর্সে বায়োমেকানিক্স, অনুশীলন ও কর্মসূচি পরিকল্পনা, স্কিল অ্যাকুইজিশন, দলীয় পরিকল্পনা, ক্রিকেটারের টেকনিক মূল্যায়ন এবং ভুল টেকনিক সংশোধনের পদ্ধতি শেখানো হচ্ছে।
এর আগে চলতি বছর লেভেল টু ও লেভেল থ্রি কোচিং কোর্সও আয়োজন করেছে বিসিবি। ১৫ থেকে ২০ জুলাই শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত লেভেল টু কোর্সে অংশ নেন ৩২ জন। আইসিসির লেভেল থ্রি মাস্টার এডুকেটর ও নেপালের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার বিনোদ কুমার দাস কোর্সটি পরিচালনা করেন। পরে লেভেল থ্রি কোর্স সফলভাবে শেষ করেন ৩০ জন।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স