আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন শ্রীমঙ্গল উপজেলার মংলামবস্তি চা বাগান সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ভারতে যাওয়ার পথে সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুশান্ত ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজিবি সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানতে পারে, প্রায় এক মাস ধরে কোনো অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি। এ সময় তাঁর অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।
বিজিবি জানায়, এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সুশান্ত।
আটকের সময় তাঁর কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তাঁর নামে থাকা দুটি এনআইডি কার্ড, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স