জানাজা থেকে মোটরসাইকেল চুরি, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ দুপুর
  • ৩২৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নেত্রকোনার মদনে জানাজায় অংশ নিতে গিয়ে মোটরসাইকেল হারানোর ঘটনায় মাজহারুল ইসলাম জয় (২৬) নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি নেত্রকোনার কেন্দুয়া থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জয়কে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাজহারুল ইসলাম জয় ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে। তিনি আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২০২৫ সালের ২৪ জুলাই তাঁকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

জানাজায় গিয়ে মোটরসাইকেল হারান যুবদল নেতা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি কবরস্থানের পাশে তাঁর কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি রেখে জানাজায় অংশ নেন।

প্রায় এক ঘণ্টা পর নামাজ শেষে ফিরে এসে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে তিনি মদন থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভিযোগ করেন।

শামসুল হক চ্যাম্পিয়ন মদন উপজেলার চানগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন। অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকেও দল থেকে বহিষ্কার করা হয়।

সিসিটিভি ও ফেসবুকের ছবি মিলিয়ে শনাক্ত

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, মোটরসাইকেল চুরির পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে এক যুবককে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা যায়। তাঁর পোশাক ও শারীরিক গড়নের সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই যুবকের অ্যাকাউন্ট খুঁজে বের করে সেখানে থাকা একাধিক ছবি পর্যালোচনা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যুবকের সঙ্গে ছবির মিল পাওয়ার পর পুলিশ জয়ের পরিচয় নিশ্চিত করে।

এরপর ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কেন্দুয়া উপজেলার দরগাহ রোড এলাকায় একটি চায়ের দোকানের পাশে পরিত্যক্ত স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, এ ঘটনায় জয় ছাড়াও একটি চক্র জড়িত থাকতে পারে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ বলেন, অনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০২৫ সালের ২৪ জুলাই জয়কে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেলও শামসুল হক চ্যাম্পিয়নের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad