পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বুড়িমারী স্থলবন্দর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সামনাসামনি সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত সাতজন। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই পাটগ্রাম উপজেলার স্থানীয় বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক ও এর চালককে জব্দের চেষ্টা চলছে।

প্রথম দর্পণ,ডেস্ক