বুধবার টিএইচই-এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আন্তর্জাতিক তালিকা থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বজুড়ে শিক্ষার গুণগত মান, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার উৎকর্ষ, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতি ও ইন্ডাস্ট্রি সংযোগসহ নানা মানদণ্ডের ওপর ভিত্তি করে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের পারফরম্যান্স মূল্যায়ন করে এই তালিকা প্রকাশ করা হয়। এবার তালিকায় বাংলাদেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, টানা চতুর্থবারের মতো বৈশ্বিক তালিকায় জায়গা করে নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বের ১০০১ থেকে ১২০০ ক্যাটাগরির মধ্যে অবস্থান করছে—যা দেশীয় মূল্যায়নে যৌথভাবে দ্বিতীয়।
সূচকভিত্তিক ফলাফলে দেখা যায়, রাবির গবেষণার পরিবেশ সূচকে স্কোর গত বছরের ৯.৯ থেকে বেড়ে ১২.১ হয়েছে। গবেষণার মান সূচকে ৭৭ থেকে বেড়ে ৭৭.৯ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে ৪২ থেকে সামান্য বেড়ে ৪২.৩ স্কোরে উন্নীত হয়েছে। অন্যদিকে, শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকে স্কোর ২২.১ থেকে সামান্য কমে ২২ এবং শিক্ষা সূচকে ১৬.৫ থেকে কমে ১৫.৭ হয়েছে।
র্যাঙ্কিং অনুযায়ী, ৮০১ থেকে ১০০০ ক্যাটাগরিতে স্থান পেয়ে যৌথভাবে দেশের শীর্ষে রয়েছে চারটি বিশ্ববিদ্যালয়—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।
উল্লেখ্য, গত বছর এ তালিকায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবার পিছিয়ে পড়েছে।
অন্যদিকে, রাবির সঙ্গে ১০০১ থেকে ১২০০ ক্যাটাগরিতে (যৌথভাবে দ্বিতীয়) রয়েছে আরও সাতটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়া ১২০১ থেকে ১৪০০ ক্যাটাগরিতে রয়েছে চারটি বিশ্ববিদ্যালয়—বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
প্রসঙ্গত, শিক্ষার পরিবেশ, গবেষণার গুণগত মান, সায়টেশন ও গবেষণার উৎকর্ষতা, শিল্প সংযোগ এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ—এসব মূল পারফরম্যান্স ইন্ডিকেটরের ওপর ভিত্তি করেই প্রতি বছর টাইমস হায়ার এডুকেশন বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রণয়ন করে থাকে।

প্রথম দর্পণ,ডেস্ক