বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ দুপুর
  • ৪৩৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা ও শিক্ষাদানের মান বাড়াতে দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণের সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইনডাকশন ওয়ার্কশপ ফর দ্য নিউলি রিক্রুটেড ফ্যাকাল্টি মেম্বার্স’ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি কর্মশালায় মূল বক্তার বক্তব্য দেন।

অধ্যাপক মামুন বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও স্বাধীনতার পর বিভিন্ন পেশাজীবীর জন্য প্রশিক্ষণকেন্দ্র গড়ে উঠলেও শিক্ষকদের জন্য এ ধরনের কোনো প্রাতিষ্ঠানিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়নি। শিক্ষকদের প্রশিক্ষণকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এ জন্য সরকার ইতোমধ্যে অর্থ বরাদ্দ দিয়েছে।

তিনি জানান, প্রস্তাবিত একাডেমিতে শুধু প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ নয়, শিক্ষকদের জন্য সুইমিং, ড্রাইভিংসহ বিভিন্ন আধুনিক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও থাকবে। সমন্বিত পরিবেশে প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করাই এর লক্ষ্য।

শিক্ষা ব্যবস্থায় সংস্কারের উদ্যোগ

শিক্ষা ব্যবস্থার সংস্কার ও মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে ইউজিসির এ সদস্য বলেন, শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করতে শিক্ষার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকতার গুণগত মান বাড়ানো, আধুনিক শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষকদের নিয়মিত পেশাগত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে থার্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ও ইন্টারন্যাশনালাইজেশন অব এডুকেশনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃতীয় ভাষা শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে সুযোগ বাড়ানোর লক্ষ্য রয়েছে।

সামার স্কুল ও ফ্যাকাল্টি এক্সচেঞ্জ

শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দ্বিতীয় ধাপে সামার স্কুল প্রোগ্রাম ও ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান অধ্যাপক মামুন। এর মাধ্যমে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও একাডেমিক সক্ষমতা বিনিময়ের সুযোগ বাড়বে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন হাব গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ইনকিউবেশন সেন্টার ও স্টার্টআপ ইকোসিস্টেম তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন ধারণা, গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও অর্থায়নের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যাতে উচ্চতর ডিগ্রি অর্জন, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারেন, সে জন্য আরও পদ সৃষ্টি, উচ্চশিক্ষার সুযোগ এবং বিভিন্ন ধরনের অনুদান ও সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।

দিনব্যাপী কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অংশ নেন। এতে নতুন শিক্ষকদের একাডেমিক দায়িত্ব, পেশাগত উন্নয়ন, মানসম্মত পাঠদান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad