বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদর দপ্তর অখালিয়ায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নটির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক, বিজিওএম এসব তথ্য জানান।
বিজিবি জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্তবর্তী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযানে ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, প্রসাধনী, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক ও বিভিন্ন ধরনের মশলাসহ অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়। একই অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছও আটক করা হয়েছে।
বিজিবির হিসাবে, জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।
লে. কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক