১৪ দিনের মধ্যে উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী পাঠানোর নির্দেশ

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ বিকাল
  • ৪৯২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ উপজেলা পরিষদের আওতাধীন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি উল্লেখ করতে বলা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী পরিষদের প্রতিটি সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সংসদ-সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।

অধিকাংশ উপজেলায় নিয়ম মানা হচ্ছে না

চিঠিতে বলা হয়, নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে আইন অনুযায়ী নিয়মিত সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানো হচ্ছে না। ফলে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় আইন অনুযায়ী নিয়মিতভাবে উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী পাঠানোর জন্য ইউএনও ও উপজেলা পরিষদের প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

সচিত্র প্রমাণক দিতে হবে

নির্দেশনায় কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির পাশাপাশি উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতিও উল্লেখ করতে বলা হয়েছে।

অগ্রাধিকারমূলক কার্যক্রমের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য রঙিন প্রিন্টে ছবি পাঠাতে হবে। কোনো কাজের আগে ও পরের অবস্থার তুলনামূলক ছবি থাকলে তা পাশাপাশি সংযুক্ত করে পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নিয়মিতভাবে স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি এর হার্ডকপি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত নির্দেশনা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad